ঢাকা, মঙ্গলবার   ২৩ জুন ২০২৬

ধানমন্ডিতে জামায়াতের মিছিল থেকে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ২৩ জুন ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের রাজধানীর ধানমন্ডি জোনের উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৩ জুন) সকালে বিক্ষোভ মিছিল শেষে বিফ্রিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। 

এসময় সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে এই হামলা চালানো হয়। এতে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজনৈতিক দল হিসেবে আদালতের রায়ে নিবন্ধন হারানো ও পরবর্তী সময়ে বিগত সরকারের আমলে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। 

এই কর্মসূচিতে জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান, জাহিনুর রহমানসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। 

মিছিল শেষে ব্রিফিং চলাকালে সিনিয়র একজন সাংবাদিককে কথা বলার অনুরোধ করা হলে উপস্থিত জামায়াত নেতাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা তৈরি হয়। একপর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে আখ্যা দেন। 

সংবাদকর্মীরা এর তীব্র প্রতিবাদ জানালে জামায়াত সমর্থকরা উত্তেজিত হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন এবং আকস্মিক হামলা চালান। এই হামলায় দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর জখম হন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার শিকার ওই সাংবাদিকের মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা গেছে। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে দাবি করেছেন ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের এই রাজনৈতিক কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে পড়ে এমন অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি